কলেজ অধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের অশোভন আচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতার অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয়ে একদল যুবক গতকাল বুধবার জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ নিয়ে দুপুরে কলেজের অধ্যক্ষ এ কে এম জাওয়াদুল হক তাঁর কক্ষে কয়েকজন শিক্ষকের সঙ্গে আলোচনা করছিলেন। একপর্যায়ে সাত-আটজন যুবক বিনা অনুমতিতে অধ্যক্ষের কক্ষে ঢোকেন। তাঁদের নেতাদের কেন ইফতার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তা জানতে চান তাঁরা। এরপর এক যুবক অধ্যক্ষের টেলিফোন সেটটি টেবিলের ওপর ছুড়ে মারেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। কলেজের অধ্যক্ষ এ কে এম জাওয়াদুল হক প্রথম আলোকে বলেন, ‘যুবকেরা নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয় দেয়। আমি তাদের চিনি না।’এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ছামিউল আওয়াল বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নেই।