পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার একই স্থানে যুবলীগ সভা ডাকায় একটি কলেজের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে অতিথি না করায় যুবলীগ এ সভা ডাকে।
কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় যুবলীগ সূত্রে জানা গেছে, উপজেলার কাকড়াবুনিয়া গ্রামে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি ‘কাকড়াবুনিয়া মহিলা কলেজ’ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। গতকাল সকালে কলেজটি উদ্বোধন করার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানকে বিশেষ অতিথি রাখা হয়। কলেজ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অতিথি না করায় একই সময় সেখানে স্থানীয় যুবলীগ প্রতিবাদ সভা ডাকে। গতকাল সকালে কলেজ উদ্বোধনস্থলে যুবলীগের নেতা-কর্মীরা একত্র হলে সাংসদ কলেজ উদ্বোধন কর্মসূচি বাতিল করেন।
উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ বলেন, কলেজের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ একজন বিতর্কিত ব্যক্তি। তিনি বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের আবু জাহেলের নাতি-পুতি বলে আখ্যায়িত করেন। কলেজ উদ্বোধনের দাওয়াতপত্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রাখেননি। এ কারণে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে একই স্থানে একই সময় প্রতিবাদ সভার আয়োজন করেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন বলেন, স্বতন্ত্র সাংসদ সংসদে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রশংসা করেন। কিন্তু মঠবাড়িয়ায় আওয়ামী লীগের বিরোধী লোকদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি (সাংসদ) একসময়ে বিএনপির সাংসদ ছিলেন। এ করণে মঠবাড়িয়ায় বিএনপির লোকজনকে তিনি বিভিন্ন সময় সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। কাকড়াবুনিয়া কলেজের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ বিএনপি-সমর্থক। সাংসদ রুস্তম আলী ফরাজী তাঁকে কলেজ প্রতিষ্ঠায় সহযোগিতা করছেন।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূর মোহাম্মদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অসম্ভব, আমি প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগকে কখনো কটূক্তি করিনি। দাওয়াতপত্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের নাম না থাকার অজুহাতে স্থানীয় যুবলীগ একই স্থানে সভা ডাকেন।’ সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ‘বিএনপির লোকজনকে সুযোগ-সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। এসব ডাহা মিথ্যা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন বলেন, ‘কলেজ উদ্বোধনের স্থানে একই সময় স্থানীয় যুবলীগ সভা আহ্বান করায় দুই পক্ষকে তাদের কার্যক্রম স্থগিত করতে বলেছি।’