কলেজ একটি, নাম দুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে একটি কলেজ দুটি নামে পরিচিতি পাচ্ছে। কলেজের প্রধান ফটকে টাঙানো সাইনবোর্ডে লেখা আছে ‘আক্কেলপুর বঙ্গবন্ধু মহিলা কলেজ’। আর মূল ভবনে লেখা রয়েছে ‘আক্কেলপুর মহিলা কলেজ’। কলেজটির প্রকৃত নাম কী, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।জানা গেছে, এলাকার বিদ্যানুরাগীরা উপজেলা সদরের আমুট্ট রেলক্রসিংয়ের কাছে বেলার মাঠে আক্কেলপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের নামে জমি কেনেন। ১৯৯৭ সালে আক্কেলপুর বঙ্গবন্ধু মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। তখন কলেজে ২২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। গত জোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন কলেজ পরিচালনা কমিটি বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে আক্কেলপুর মহিলা কলেজ নামকরণ করে। ওই নামেই প্রতিষ্ঠানটি স্বীকৃতি ও এমপিওভুক্ত হয়। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বর্তমান পরিচালনা কমিটি আগের নামে কলেজটির নামকরণ করার উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে কলেজের প্রধান ফটকে আক্কেলপুর বঙ্গবন্ধু মহিলা কলেজ লেখা সাইনবোর্ডটি টাঙানো হয়। কলেজে স্নাতক ডিগ্রি পর্যন্ত অনুমোদনের লক্ষ্যে গত বছরের ২১ নভেম্বর ১১ জন প্রভাষক, একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, চারজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়।সরেজমিনে দেখা গেছে, কলেজের প্রধান ফটকে ‘আক্কেলপুর বঙ্গবন্ধু মহিলা কলেজ লেখা’ সাইনবোর্ড শোভা পাচ্ছে। আর কলেজের মূল ভবনে ‘আক্কেলপুর মহিলা কলেজ’ লেখা রয়েছে। কলেজের শিক্ষক-কর্মচারীরা জানান, কলেজের নাম নিয়ে তাঁরা বিভ্রান্তিতে পড়েছেন। আক্কেলপুর মহিলা কলেজের নামেই তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন।কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান জানান, তিনি আক্কেলপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের নামে নিয়োগ পেয়েছেন। চারদলীয় জোট সরকারের সময় সরকারি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে কলেজ পরিচালনা কমিটি নতুন করে আক্কেলপুর মহিলা কলেজ নামকরণ করে। কাগজে-কলমে এই নামেই কলেজের সব কর্মকাণ্ড চলছে।আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান বলেন, ‘আমরা আক্কেলপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের নামে জমি কিনে কলেজটি প্রতিষ্ঠা করেছি। গত সরকারের আমলে জোর করে নাম বদলানো হয়েছে। কলেজটি এখন দুই নামেই পরিচিতি পাচ্ছে।’কলেজ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নাজমুল হুদা বলেন, ‘কলেজে ডিগ্রি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই আমরা নাম সংশোধন করব। ইতিমধ্যে আগের নামে (বঙ্গবন্ধু) নামকরণের উদ্যোগও নেওয়া হয়েছে।’