সাভারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় শাকিল নামের এক ছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনায় গত বুধবার রাতে মামলা হয়েছে। মামলায় সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকিনসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন। এর আগে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইদুর নামের একজনকে গ্রেপ্তার করে। এদিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সাভারের বিআরটিএর প্রশিক্ষণ মাঠের দখল ও ওই মাঠ থেকে আদায়কৃত টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বুধবার বিকেলে সাভার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকিন ও সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও আতিকুরের পক্ষের কর্মী শাকিল আহত হন। ওই ঘটনায় শাকিলের মা শাহানাজ বেগম ওই রাতেই সাভার থানায় মামলা করেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।