কলেজ জাতীয়করণের দাবি আজ গোপালপুরে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর, কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনটি কলেজ জাতীয়করণের দাবি জানানো হয়েছে। এর মধ্যে গোপালপুরের কলেজটি জাতীয়করণের দাবিতে আজ সোমবার উপজেলায় আধা বেলা হরতাল ডাকা হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: গোপালপুর কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল রোববার উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা ও গোপালপুর কলেজের সামনে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। কলেজের সামনে অবরোধস্থলে বক্তব্য দেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, পৌরসভার মেয়র রকিবুল হক, গোপালপুর কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গোপালপুর কলেজের পরিবর্তে উপজেলার মেহেরুন্নেছা মহিলা কলেজকে জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ ওই কলেজের প্রতিষ্ঠাতা সাবেক চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামি আবদুস সালাম পিন্টু। ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই এর অধ্যক্ষ হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।
গোপালপুর কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত গোপালপুর কলেজের শিক্ষার্থীসংখ্যা তিন হাজার। কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) কোর্সের শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক। জাতীয়করণের সব শর্তই পূরণ করা হয়েছে।
গোপালপুর কলেজ জাতীয়করণের দাবি বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ও পৌর মেয়র রকিবুল হক বলেন, গোপালপুর কলেজের পরিবর্তে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামির প্রতিষ্ঠিত কলেজ জাতীয়করণের সিদ্ধান্তে গোপালপুরবাসী ক্ষুব্ধ। ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ উপজেলায় আধা বেলা হরতাল পালন করা হবে।
কুমিল্লা: জেলার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে জাতীয় পার্টির (জাপা) উপজেলা শাখা গত শনিবার বুড়িচং উপজেলায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাপার সভাপতি শফিকুর রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৮৬ সালে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়। বিভিন্ন প্রতিশ্রুতির পরও আজ পর্যন্ত এ কলেজকে জাতীয়করণ করা হয়নি।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা উপজেলা সদরে অবস্থিত কসবা টি আলী ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল দুপুরে কলেজ মিলনায়তনে ছাত্র-শিক্ষক সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন, শিক্ষক কবির আহাম্মদ, আবু নাছার, বদিউল আলম, মোহাম্মদ আলী, আলমগীর উসমান ভূঁইয়া প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কসবা টি আলী ডিগ্রি কলেজে বর্তমানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রির পাশাপাশি স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। সব শর্ত পূরণ করার পরও কলেজটি জাতীয়করণ করা হয়নি। অবিলম্বে এটি জাতীয়করণ করতে হবে।