কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন
নাটোরের বনপাড়া কলেজ, সিরাজগঞ্জের চৌহালী ডিগ্রি কলেজ ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। গত দুই দিন এসব কর্মসূচি পালিত হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদরে বনপাড়া কলেজটি অবস্থিত। বৃষ্টি উপেক্ষা করে গতকাল সোমবার দুপুর ১২টায় কলেজ চত্বরে মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।
ছাত্র-শিক্ষক আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বারেন্দ্র নাথ মৈত্র, সহকারী অধ্যাপক অরুণ মৈত্র, শাহাদৎ হোসেন, প্রভাষক সুদিপ রুদ্র ও ইউসুফ আলী মণ্ডল প্রমুখ। আধা ঘণ্টার এ মানববন্ধনে অধ্যক্ষ বলেন, উপজেলা পরিষদ চত্বর থেকে মাত্র ৪০০ মিটার দূরে বনপাড়া পৌরসভার প্রাণকেন্দ্রে বনপাড়া কলেজ অবস্থিত। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী উপজেলা সদরের এ কলেজকে জাতীয়করণের কথা। কিন্তু অজ্ঞাত কারণে তা হয়নি। তাই বিষয়টি প্রধানমন্ত্রী আবার দেখবেন বলেন প্রত্যাশা ব্যক্ত করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের চৌহালী ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গত রোববার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। উপজেলা সদরে কর্মসূচি চলাকালে কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী মোল্লা, সাবেক সভাপতি হযরত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আবদুর রউফ দুলাল, বাঘুটিয়া ইউপির চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী, উমারপুর ইউপির চেয়ারম্যান আবদুল মতিন মণ্ডল প্রমুখ। পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজকে জাতীয়করণের দাবিতেও মানববন্ধন হয়েছে। গত রোববার সকাল ১০টার দিকে কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের দুপাশে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।