কলেজ জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করেন। তাঁরা প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে প্রায় ১০ একর জমির ওপর ভেড়ামারা কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক আছেন ৮৬ জন। এখানে কম্পিউটার ল্যাব, দুটি পাঠাগার, পাঁচটি পাকা ও দুটি আধা পাকা ভবন এবং কলেজ প্রাঙ্গণে খেলার মাঠ রয়েছে। উচ্চমাধ্যমিক ও ডিগ্রি (পাস) এবং সাতটি বিষয়ে স্নাতক (সম্মান) রয়েছে।
কয়েকজন শিক্ষক বলেন, সব নীতিমালা ও শর্ত মেনেই কলেজটি জাতীয়করণের জন্য আবেদন করা হয়েছিল। কয়েক দিন আগে সরকার সারা দেশে ২৩টি কলেজ জাতীয়করণের ঘোষণা দেয়। তাতে তাঁদের কলেজের নাম নেই। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে গতকাল সকালে তাঁরা ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নানা কর্মসূচি চলবে।
কলেজটির শিক্ষক মনোয়ার হোসেন বলেন, দাবি পূরণে কাল (আজ) বুধবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।