কলেজ জাতীয়করণের দাবিতে খানসামায় হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল খানসামা উপজেলায় অর্ধদিবস হরতাল চলাকালে দোকানপাট বন্ধ ছিল। সকাল ১০টার দিকে তোলা ছবি l প্রথম আলো
দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল খানসামা উপজেলায় অর্ধদিবস হরতাল চলাকালে দোকানপাট বন্ধ ছিল। সকাল ১০টার দিকে তোলা ছবি l প্রথম আলো

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার খানসামা উপজেলা সদরে অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, উপজেলা চত্বরের সব দোকানপাট বন্ধ। রাস্তায় কোনো মানুষ নেই। বিভিন্ন মোড়ে বিক্ষিপ্ত মানুষের জটলা। পুলিশকে পিকআপ, মোটরসাইকেলে টহল এবং বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।
খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান মুঠোফোনে বলেন, উপজেলার এ কলেজটি জাতীয়করণের দাবি এলাকাবাসীর, কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা হরতাল করেছেন। সরকারের উচিত দাবি মেনে নেওয়া।
উপজেলার কলেজশিক্ষক মো. আমান উল্লাহ্ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের যেসব উপজেলা সদরে সরকারি কলেজ নেই, সেসব উপজেলা সদরে একটি করে বেসরকারি কলেজ জাতীয়করণ করার কথা। কিন্তু ১৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় যে নয়টি বেসরকারি কলেজকে জাতীয়করণের ঘোষণা দিয়েছে, সেখানে খানসামা উপজেলা সদরে খানসামা ডিগ্রি কলেজের নাম নেই। আছে উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের একটি কলেজের নাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমান বলেন, এটাকে ঠিক হরতাল বলা যবে না। আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, এ জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একাধিক সভা করা হয়েছে। তিনি আরও বলেন, খানসামা উপজেলার মানুষের দাবির বিষয়টি জেলা প্রশাসক, এলাকার সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।