কলেজ জাতীয়করণের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
কলেজ চত্বর থেকে গতকাল বেলা ১১টায় কয়েক শ শিক্ষক-শিক্ষার্থী একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া বাসস্ট্যান্ডে এসে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে। বেলা দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে রংপুর থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাট এবং বুড়িমারী স্থলবন্দরে যাওয়া-আসার শতাধিক যানবাহন আটকা পড়ে।
সমাবেশে কলেজের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। বক্তারা বলেন, ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজের ফলাফল ভালো। আর প্রয়োজনীয়ও অবকাঠামো আছে। ২০০১ সালে কলেজটি উচ্চমাধ্যমিক পর্যায়ে দেশের শ্রেষ্ঠ কলেজও নির্বাচিত হয়। কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতকের (পাস) পাশাপাশি সাতটি বিষয়ে সম্মানও (অনার্স) রয়েছে। বর্তমানে এ কলেজে সাড়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষক আছেন ৮৮ জন, যাঁদের ৫১ জন এমপিওভুক্ত।
বক্তারা আরও বলেন, উপজেলার এ কলেজটি জাতীয়করণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে। সেই সঙ্গে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।
কাউনিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মুসা আহমেদ সমাবেশে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন কলেজের শিক্ষক শাশ্বত ভট্টাচার্য, জয়নুল আবেদীন, ফজলুর রহমান, আশিক সিদ্দিকী এবং অভিভাবকদের পক্ষে জাহাঙ্গীর আলম, সামসুল আলম, আমিন আনসারি প্রমুখ।