কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের খানসামা উপজেলা সদরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার কয়েক হাজার মানুষ মানববন্ধন করেছে।
উপজেলার আত্রাই নদীর ওপরে জিয়া সেতুর পশ্চিম পাড় থেকে শুরু করে আমতলী বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটারজুড়ে এ মানববন্ধন করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান। তিনি বলেন, ১৯৮৪ সালে খানসামা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে পাঁচটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। খানসামা উপজেলা ছাড়াও আশপাশের উপজেলা এবং নীলফামারী জেলা থেকেও শিক্ষার্থীরা এই কলেজে পড়তে আসে। তিনি বলেন, উপজেলায় কোনো সরকারি কলেজ না থাকলে উপজেলা সদরের একটি কলেজ জাতীয়করণ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার। গত ১৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে নয়টি বেসরকারি কলেজ জাতীয়করণ করার ঘোষণা এসেছে। ওই তালিকায় উপজেলা সদরের সবচেয়ে বড় খানসামা ডিগ্রি কলেজ বাদ দিয়ে উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের এক কলেজের নাম প্রকাশ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ বলেন, খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণ করতে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হাতেম বলেন, আজ মঙ্গলবার থেকে প্রতিদিন বেলা ১১টায় বিক্ষোভ মিছিল করা হবে। যত দিন এ কলেজটি জাতীয়করণ না করা হবে তত দিন এ কর্মসূচি চলবে।