কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
বিভিন্ন স্থানে কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সম্প্রতি সারা দেশের ১৯৯টি বেসরকারি কলেজকে সরকারি করার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু সব ধরনের যোগ্যতা থাকার পরও কিছু কলেজকে সরকারীকরণের তালিকায় না রাখায় তারা নানা কর্মসূচি পালন করছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: মিঠাপুকুর মহাবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কে ওই মহাবিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন। পরে সেখানে সমাবেশ হয়। রমজান আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মওদুদা আক্তার, কলেজশিক্ষক লুৎফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আবদুল মান্নান, শিশির কুমার সরকার, জাহেদুর রহমান ও গোলাম গোস্তফা, এলাকাবাসীর পক্ষে মোতাব্বের হোসেন প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী ও সবচেয়ে পুরোনো মিঠাপুকুর মহাবিদ্যালয়। এ কলেজটি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
নীলফামারী: ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মহাবিদ্যালয়ের সামনের রাস্তায় দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ হয়। বক্তব্য দেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হরিদাস রায়, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আশফাকারুল হক, জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ‘২০০৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোমার উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয়কে জাতীয়করণ করা হবে। কিন্তু এত দিনেও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। আমরা দ্রুত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবি করছি।’
আন্দোলনকারীরা পরে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করেন।
দিনাজপুর: কাহারোল ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে বেলা ১১টায় কাহারোল বাজার আমতলা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়। এসব কর্মসূচিতে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক শাহ, সহসভাপতি মো. আশরাফুল হক, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, জেলা কৃষক লীগের সহসভাপতি গোপেশ চন্দ্র রায়, কাহারোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম হাসান, সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদশা প্রমুখ বক্তব্য দেন।
ঠাকুরগাঁও: জাতীয়করণের দাবিতে রানীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন দুপুরে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের সামনে মানববন্ধন হয়। এ সময় কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, শিক্ষক শফিকুল আলম, প্রশান্ত বসাক, তাহের হোসেন, শেফালি বেগম প্রমুখ বক্তব্য দেন। কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে রানীশংকৈল ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজ বাদ দিয়ে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মহিলা কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়েছে।
কুড়িগ্রাম: রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এ উপলক্ষে দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজারহাট বাজারের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এখানে সমাবেশও হয়। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহিদ সোহরাওয়ার্দী, আন্দোলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মণ্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।