কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে নীলফামারী শহরে মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। শহরের চৌরঙ্গী মোড়ে গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে ওই কলেজের অধ্যক্ষ হাসিম হায়দার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. খায়রুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবু সাদেক চৌধুরী, চওড়া বড়গাছা কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।
শিক্ষকেরা অভিযোগ করে বলেন, ১৯৮৩ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটি জাতীয়করণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু এত দিনেও কলেজটি জাতীয়করণ করা হয়নি। বিষয়টি সরকারকে অবহিত করার জন্যই আজকের এই আন্দোলন।
মানববন্ধন শেষে একই দাবিতে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপি জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের কাছে হস্তান্তর করেন।