কলেজ জাতীয়করণের নামে অর্থ আদায়!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি কলেজের জাতীয়করণের নামে সাধারণ শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকেরা প্রতিবাদ জানালেও কর্ণপাত করছেন না অধ্যক্ষ। কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে এটি এমপিওভুক্ত হয়। বর্তমানে এখানে শিক্ষক-কর্মচারী রয়েছেন ৭২ জন। শিক্ষার্থী প্রায় দুই হাজার।শিক্ষকেরা অভিযোগ করেন, কলেজ জাতীয়করণের বিষয়টি নির্ভর করে সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধির ওপর। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামসহ কতিপয় শিক্ষক জাতীয়করণের নামে শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছেন। কেউ টাকা দিতে না চাইলে বেতন-বোনাস থেকে কেটে রাখা হয়েছে। গত ঈদুল ফিতরে শিক্ষকদের বোনাসের অর্ধেক টাকাই কেটে রাখা হয়। হিসাব করে দেখা গেছে, ওই সময় কেটে নেওয়া অর্থের পরিমাণ এক লাখ পাঁচ হাজার টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের নামে এ টাকার ব্যয় দেখানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, আগামী ঈদুল আজহায় শিক্ষকদের পুরো বোনাসই কেটে রাখার পাঁয়তারা করছে চক্রটি। পরিশ্রমের টাকা এভাবে কেটে রাখায় ক্ষোভ প্রকাশ করেন এই শিক্ষকেরা।অধ্যক্ষ পক্ষের শিক্ষক সাজেদুল আলম জানান, শিক্ষকদের কাছ থেকে জাতীয়করণের নামে নয়, অন্য একটি কাজে টাকা নেওয়া হয়েছে। তবে কাজটি কী, তা তিনি বলতে রাজি হননি।ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম টাকা নেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ জাতীয়করণ করার জন্য গাড়ি নিয়ে ঢাকায় ছোটাছুটি করতে হয়। সেই ব্যয় বহন করতেই শিক্ষকদের বোনাস থেকে কিছু টাকা নেওয়া হয়েছে।