কলেজ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামিয়া কলেজে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগসহ কয়েকটি খাতে অনিয়ম করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই অনিয়ম খুঁজে পান।
জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, বিষয়টি তদন্তের জন্য কলেজের অধ্যক্ষকে একটি প্রতিবেদন তৈরি করে দুর্নীতি দমন কমিশনে পাঠাতে বলা হয়েছে। ওই প্রতিবেদন ও কলেজের একাধিক সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১২ জানুয়ারি কুষ্টিয়া সদর আসনের সাংসদ খন্দকার রশীদুজ্জামান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হন। কয়েক দিন পরেই সাংসদ অসুস্থ হয়ে পড়েন। ৬ ফেব্রুয়ারি সাংসদ একটি আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়ে পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য এ টি এম রুহুল আজমকে শিক্ষক-কর্মচারীদের বেতনসহ যাবতীয় আর্থিক বিষয় দেখার দায়িত্ব দেন। রুহুল আজম ও তৎকালীন অধ্যক্ষ শহীদুল ইসলামের যৌথ স্বাক্ষরে ২০১৩ সালের ১২ মার্চ পর্যন্ত কলেজের ব্যাংক হিসাব পরিচালিত হয়।
২০১০ থেকে ২০১৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত ৫১ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এ সময় নিয়োগে লাখ লাখ টাকার বাণিজ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই সময়ে তথ্য গোপন করে আজমের স্ত্রী সাবিনা ইয়াসমীনকে কলেজে চাকরি দেওয়া হয়। কলেজের সামনে কয়েক শ দোকান বরাদ্দেও অনিয়মের অভিযোগ রয়েছে।
কলেজ পরিচালনা পর্ষদের সভার রেজুলেশন সূত্রে জানা গেছে, গত তিন বছরে এ টি এম আজম কলেজের ব্যাংক হিসাব থেকে পাঁচ কোটি সাত লাখ ৫৩ হাজার ১৪ টাকা তুলেছেন। এর মধ্যে এক কোটি ৭৪ লাখ টাকারও বেশি নিয়মবহির্ভূতভাবে কলেজের অবকাঠামো উন্নয়ন বাবদ ব্যয় দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে।
অধ্যক্ষ নওয়াব আলী বলেন, এসব ঘটনা তাঁর সময়ে হয়নি। এ টি এম রুহুল আজমের বিরুদ্ধে সাংসদ রশীদুজ্জামানের অনুপস্থিতিতে এখতিয়ারবহির্ভূত আর্থিক, নিয়োগসহ যেসব বিষয়ে অভিযোগ উঠেছে, সেগুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানো হচ্ছে।
সাংসদের স্ত্রী প্রথম আলোকে জানান, আজম সাহেব সাংসদের সই জাল করে কাজ করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। অভিযোগের ব্যাপারে এ টি এম রুহুল আজমের মুঠোফোনে গত মঙ্গলবার সন্ধ্যায় কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে টেলিফোন থেকে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি।