কলেজ নেই তবু উপবৃত্তি পান ছাত্রীরা!
সরকারি নথিতে রাজশাহীতে ‘রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ’ নামের একটি কলেজ আছে। প্রতিষ্ঠানটির কোড নম্বর ২৩১৯০। নিয়মিত উপবৃত্তি পাচ্ছেন এই কলেজের ছাত্রীরা। উপবৃত্তি পাওয়া ছাত্রীদের পড়ানো হচ্ছে দেখিয়ে সরকারের কাছ থেকে টাকাও নিচ্ছেন শিক্ষকেরা। কিন্তু এই নামের কোনো কলেজ খুঁজে পাওয়া যায়নি। কলেজটির নামে কোথাও কোনো অবকাঠামোও নেই।কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে কলেজটির ঠিকানা দেওয়া আছে ২১১/হড়গ্রাম নতুনপাড়া (মসজিদ মোড়), রাজপাড়া, রাজশাহী। ওয়েবসাইটের ঠিকানা অনুযায়ী কলেজটি রাজশাহী সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডে। সংশ্লিষ্ট এলাকার রাজপাড়া থানায় খোঁজ করে এই নামের কোনো কলেজের অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নোমানুল ইসলাম জানান, এই নামের কোনো শিক্ষা-প্রতিষ্ঠান এই এলাকায় আছে বলে তাঁর জানা নেই।তবে সরে-জমিনে গিয়ে ওই ঠিকানায় সিটি বিএম কলেজ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান পাওয়া গেছে। একটি ভাড়া বাড়ির তৃতীয় তলায় এই কলেজের কার্যালয়। কলেজের কর্মচারীরা জানান, রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজটি সিটি বিএম কলেজের সঙ্গেই চালানো হয়। কিন্তু সেখানে মহিলা টেকনিক্যাল কলেজের কোনো সাইনবোর্ড বা নোটিশ বোর্ড পাওয়া যায়নি। সেখানে সিটি বিএম কলেজের একটি কার্যালয় ও চারটি শ্রেণীকক্ষ দেখা গেছে।এখানে কীভাবে আরেকটি কলেজের কার্যক্রম চালানো হচ্ছে, জানতে চাইলে সিটি বিএম কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আদর্শ মহিলা টেকনিক্যাল কলেজটি তিনি তাঁর কলেজের সঙ্গে চালাচ্ছেন। তাঁর স্ত্রী মারুফা খানম ওই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। দুই বছর ধরে দুটি কলেজ একসঙ্গে চালানো হচ্ছে।কামরুজ্জামান বলেন, শুধু আর্থিক খরচ বাঁচানোর জন্য কলেজটি এমপিওভুক্ত হওয়ার আগ পর্যন্ত এইভাবে চালিয়ে নিচ্ছেন। তিনি দাবি করেন, এর মধ্যে কোনো জালিয়াতি বা অসততা নেই। তিনি এ খবর প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। তবে কামরুজ্জামান আরও বলেন, ওই কলেজের একটি সাইনবোর্ড বানিয়ে রাখা হয়েছে। ইচ্ছে করলেই যেকোনো সময় টাঙিয়ে দেওয়া যাবে।রাজশাহী আঞ্চলিক শিক্ষা কার্যালয়ের উপবৃত্তিবিষয়ক লিয়াজোঁ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই কলেজে ২০০৯-১০ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ৩৭ জন ছাত্রীর নামে উপবৃত্তি মঞ্জুর করা হয়েছে। উপবৃত্তির দ্বিতীয় কিস্তি হিসেবে মঞ্জুর হওয়া ২৭ হাজার ৭৫০ টাকা তুলেও নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের টিউশন ফি উঠানো হয়েছে ১১ হাজার ১০০ টাকা। এ ছাড়া গত ৯ ডিসেম্বর লিয়াজোঁ কর্মকর্তার কার্যালয় থেকে দ্বাদশ শ্রেণীর তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির টাকা তুলে নেওয়ার জন্য ফরম সংগ্রহ করা হয়েছে।রাজশাহী আঞ্চলিক শিক্ষা কার্যালয়ের উপবৃত্তিবিষয়ক লিয়াজোঁ কর্মকর্তা হুসনেয়ারা বানু প্রথম আলোকে জানান, ‘পাঠদানের অনুমতি দেখে আমি উপবৃত্তি দিয়েছি। বাকি বিষয়গুলো আমার দেখার কথা নয়।’যোগাযোগ করা হলে রাজশাহী মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘এমপিওভুক্ত না হলে ওই কলেজের ফাইল আমাদের কাছে আসে না। তবে যদি এমন হয়—কলেজের অস্তিত্ব বা অবকাঠামো নেই, কিন্তু উপবৃত্তি বা টিউশন নেওয়া হচ্ছে, তাহলে এটা বড় অনিয়ম। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’