কলেজ পর্ষদ থেকে সাংসদকে প্রত্যাহার, মানববন্ধনে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলি করে শিশুকে আহত করার ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সাংসদ মন্‌জুরুল ইসলাম ওরফে লিটনকে তিনটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির পদ থেকে প্রত্যাহার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই তিনটি কলেজ হলো: গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুবনী কঞ্চিবাড়ী কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ ও সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বেপরোয়া গুলি করে শিশুকে আহত করার মর্মান্তিক ঘটনার কারণে সাংসদ মন্‌জুরুলকে ওই তিনটি কলেজের পরিচালনা পর্ষদ থেকে প্রত্যাহার করে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও গতকাল সোমবার রাত আটটা পর্যন্ত পুলিশ সাংসদ মন্‌জুরুলকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বলছে, সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সাংসদকে গ্রেপ্তারের দাবিতে কোনো আন্দোলন না করার জন্য এলাকার লোকজন ও স্থানীয় নেতাদের সাংসদের লোকজন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শিশুটির স্কুলে মানববন্ধনের আয়োজন করা হলে তা হুমকির কারণে হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার সকালে বাড়ির পাশে সুন্দরগঞ্জ-বামনডাঙা সড়কে চাচা শাহজাহান আলীর সঙ্গে হাঁটার সময় গুলিবিদ্ধ হয় চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন (সৌরভ)। শাহাদাতের পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, সুন্দরগঞ্জ উপজেলার সাংসদ মন্‌জুরুল ওই সময় পাজেরো গাড়ি থামিয়ে শাহজাহানকে ডাকেন। শাহজাহান ভয়ে দৌড় দিলে সাংসদ গুলি চালান। এতে শিশুটির দুই পায়ে তিনটি গুলি লাগে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরদিন রাতে শাহাদাতের বাবা সাজু মিয়া সাংসদকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এর আগে সন্ধ্যায় এক সমর্থকের মাধ্যমে লাইন্সেস করা একটি পিস্তল ও একটি শটগান সুন্দরগঞ্জ থানায় পাঠিয়ে দেন সাংসদ। কিন্তু অবৈধকাজে ব্যবহারের অভিযোগে আগ্নেয়াস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করে গাইবান্ধা জেলা প্রশাসন। সাংসদকে গ্রেপ্তার না করার ব্যাপারে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে গতকাল দুপুরে শিশুটির গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করার কথা থাকলেও তা সাংসদের লোকজনের বাধার মুখে হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান পৌর মেয়র আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে তাঁরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করছিলেন। তখন কয়েকজন লোক তাঁদের হুমকি-ধমকি দিয়ে মানববন্ধন বন্ধ করে দেন। সাংসদের গ্রেপ্তারের দাবিতে কোনো আন্দোলন না করার জন্য ওই লোকজন বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন তিনি।

রংপুর মেডিকেলে শিশুটির সঙ্গে আছেন তার মা-বাবা ও আত্মীয়স্বজনেরা। তাঁরা বলেন, সাংসদ গ্রেপ্তার না হওয়া ও তাঁর লোকজনের হুমকি-ধমকির কথা শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে গতকাল রাতে সাংবাদিকদের ই-মেইলে সাংসদ মন্‌জুরুল ইসলামের জাতীয় সংসদের প্যাডে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তির নিচে সাংসদ মন্‌জুরুলের নামে সিল ও স্বাক্ষর দেখা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, তা দেখে তিনি অত্যন্ত মর্মাহত ও হতাশ। শাহাদাত আহত হওয়ার যে কারণ সংবাদমাধ্যমে এসেছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি শুক্রবার ভোর পাঁচটার দিকে মাছ কিনতে হরিরামপুর বাজারে যাচ্ছিলেন। পথে ১০-১৫ জন অজ্ঞাতনামা লোক তাঁর গাড়ির গতিরোধ করে। বারবার গাড়ির হর্ন দিলেও তারা সরে না যাওয়ায় জীবন রক্ষার্থে তিনি ফাঁকা গুলি চালাতে বাধ্য হন। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তিনি দ্রুত বাসায় ফিরে যান। পরে জানতে পারেন একটি শিশু আহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

তবে বিজ্ঞপ্তিতে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।