কলেজ প্রতিষ্ঠার প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শঙ্কায়
নিয়মনীতি না মেনেই আওয়ামী লীগের দুই নেতা প্রতিযোগিতামূলকভাবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নে দুটি কলেজ প্রতিষ্ঠা করে ছাত্রছাত্রী ভর্তি করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই গ্রামে মাত্র দুই কিলোমিটার দূরত্বে ছোট ছোট দুটি পাকা ভবন নির্মাণ করে ছাত্রছাত্রীদের পাঠদানও শুরু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার লোকসংখ্যা প্রায় দেড় লাখ। এ উপজেলায় বর্তমানে কলেজ রয়েছে পাঁচটি। উপজেলার দোড়া ইউনিয়নে পাশাপাশি দুটি গ্রাম—শিবনগর ও দয়ারামপুর। শিবনগরের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলমগীর হোসেন আর দয়ারামপুরের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাবিল হোসেন বিশ্বাস। এ দুজন মধ্যে রয়েছে বিরোধ। গত ইউপি নির্বাচনে দুজনই দোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হন। এরপর এ বছরের গোড়ায় তাঁরা নিজ নিজ এলাকায় দুটি কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু করেন। কলেজ দুটি হলো প্রগতি মডেল কলেজ ও ডিজিপিএল মডেল কলেজ। এ দুটির দূরত্ব মাত্র দুই কিলোমিটার।আলমগীর হোসেন এলাকার কিছু মানুষ নিয়ে মল্লিকপুর গ্রামে প্রতিষ্ঠা করেন প্রগতি মডেল কলেজ। ইতিমধ্যে পাঁচ কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়েছে। জানালা-দরজা না থাকলেও ওই ভবনেই ক্লাস শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, কলেজে ১২ জন শিক্ষক ও আটজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। ৪৪ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ক্লাস শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, মল্লিকপুর, শিবনগর, বাঙালিপুর, দোড়া, পাচলিয়া, সারুটিয়া, রুদ্রপুরসহ বেশ কিছু গ্রামের ছেলেমেয়েরা এখানে ভর্তি হচ্ছে।অপর দিকে কাবিল হোসেন বিশ্বাস কিছু লোক নিয়ে ভগবানপুর গ্রামে প্রতিষ্ঠা করছেন ডিজিপিএল মডেল কলেজ। সেখানেও পাঁচ কক্ষের একটি ভবন নির্মাণের কাজ চলছে। কলেজের অধ্যক্ষ বায়েজিদ হোসেন জানান, ১২ জন শিক্ষক আর ছয়জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। ৪৫ জন শিক্ষার্থী ভর্তি করে পাঠদান শুরু হয়েছে। ছয়খাদা, শ্রীরামপুর, হরিন্দিয়া, মামুনশিয়া, দয়ারামপুর, ভবগানপুরসহ বেশ কিছু গ্রামের শিক্ষার্থীরা এখানে ভর্তি হচ্ছে।নতুন দুটি কলেজ প্রতিষ্ঠা হওয়ায় শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, তারা ভালো কলেজে ভর্তি হতে চাইলেও গ্রামের লোকজনের চাপে এখানে ভর্তি হতে বাধ্য হয়েছে। কলেজ দুটি এখনো ছাত্র ভর্তির অনুমতি পায়নি, এ কারণে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। অবশ্য উভয় কলেজের অধ্যক্ষ দাবি করেছেন, তাঁরা দ্রুত ছাত্র ভর্তির অনুমতি পেয়ে যাবেন।যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস বলেন, ‘দূরত্বের দিক থেকে উভয় কলেজই শর্ত পূরণ করেনি। বিষয়টি মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। কলেজ দুটি এখনো ছাত্র ভর্তির অনুমতি পায়নি। এভাবে অননুমোদিত প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করা ঠিক নয়।’