কলেজ প্রাঙ্গণে পানির অবৈধ ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ মোড়ে ঢাকা বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে গড়ে উঠেছে পানির কারখানা। আর ওই কারখানার মালিক খোদ কলেজেরই অধ্যক্ষ এস এ মালেক।
অবৈধভাবে পানির ব্যবসার অভিযোগে গতকাল রোববার ওই কারখানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তারা। হামলায় সাংবাদিক ও ওয়াসার কর্মকর্তাসহ অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির ভিডিও চিত্রগ্রাহক হাসান বিশ্বাসকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কলেজের অধ্যক্ষ এস এ মালেকসহ দুজনকে আটক করেছে।
ওয়াসার ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের অভিযোগ, অধ্যক্ষের নেতৃত্বে ও প্ররোচনায় শিক্ষার্থীরা এ হামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদের নেতৃত্বে ওয়াসার ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালান। তাঁরা পানির লাইন কেটে দিয়ে পানির পাইপসহ বিভিন্ন সরঞ্জাম অপসারণ করছিলেন। তখন হঠাৎ করেই শিক্ষার্থীরা ওই কারখানায় ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় হট্টগোল ও ধাক্কাধাক্কি। এর মধ্যে হঠাৎ উত্তেজিত হয়ে কারখানায় ছুটে যান কলেজের অধ্যক্ষ মালেক। তাঁর দেখাদেখি শিক্ষার্থীরাও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে অভিযানকারী দলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন শিক্ষার্থীরা। ইটের আঘাতে হাসান বিশ্বাসের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। ইট লেগে আহত হন ওয়াসার রাজস্ব কর্মকর্তা তানবীর আহমেদ সিদ্দিকীসহ আরও অন্তত তিনজন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর এস এ মালেক ও তাঁর সঙ্গে থাকা জসীম উদ্দিন নামের এক যুবককে আটক করে শাহজাহানপুর থানায় নিয়ে যায় পুলিশ। অধ্যক্ষের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ বলেন, অধ্যক্ষ মালেক শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন, কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন না নেওয়া ও অপরিশোধিত পানির ব্যবসার অভিযোগে সপ্তাহ দুয়েক আগে ওই কারখানাটিতে অভিযান চালিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷ অথচ আবারও ব্যবসা শুরু করেন মালেক।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে কলেজের শিক্ষক শরীফুর রহমান প্রথম আলোকে বলেন, আগে থেকে অবহিত না করে এ অভিযান চালানো হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা পানি খান। কোনো কথাবার্তা ছাড়া লাইন কেটে দেওয়ায় তাঁরা উত্তেজিত হয়ে পড়েছিলেন।
হামলার অভিযোগের ব্যাপারে শাহজাহানপুর থানায় আটক এস এ মালেক সাংবাদিকদের বলেন, ‘এটা মিথ্যা। শিক্ষার্থীদের চেঁচামেচি শুনে আমি বাসা থেকে ছুটে এসেছি।’ তিনি বলেন, সপ্তাহ দুয়েক আগে ভ্রাম্যমাণ আদালত তালা ঝুলিয়ে দেওয়ার পর ব্যবসা বন্ধ। শুধু দুপুরে শিক্ষার্থীদের পানি খাওয়ার জন্য কারখানাটি খুলে দেওয়া হয়।
আটক জসীম উদ্দিন বলেন, তিনিও এস এ মালেকের সঙ্গে পানির ব্যবসা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সাধারণত ভ্রাম্যমাণ আদালতের সামনে কেউ দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত শাস্তিমূলক ব্যবস্থা নেন। কিন্তু দোষ স্বীকার না করলে নিয়মিত মামলা দিয়ে আসামিদের ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে পাঠানো হয়। এস এ মালেক ও জসীম দোষ স্বীকার করেননি। তাই তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘কাল (আজ) আটক দুজনকে আদালতে পাঠানো হবে।’