কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি ছাত্রলীগের
তিনটি দাবি পূরণ না হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে গতকাল বৃহস্পতিবার ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। দাবি পূরণ না করা হলে ছাত্রলীগ কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত মাসে একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ছাত্রলীগের অনেক নেতা-কর্মী অংশ নেননি। তাঁদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার দাবি জানায় ছাত্রলীগ। তাঁদের জন্য কলেজ কর্তৃপক্ষ গতকাল সম্পূরক পরীক্ষার আয়োজন করে। কিন্তু ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা পরীক্ষায় অংশ না নিয়ে সাধারণ কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেন ও ভাঙচুর শুরু করেন। মিছিলে অংশ না নেওয়ায় পিটিয়ে আহত করেন একাদশ শ্রেণীর পাঁচ ছাত্রকে।উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মারুফ বিন জাকারিয়া বলেন, কে বা কারা কলেজে হামলা ভাঙচুর করেছে, তা তাঁরা জানেন না। কলেজ বন্ধ করে দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, সম্পূরক পরীক্ষার জন্যও কলেজ কর্তৃপক্ষ ২০০ টাকা করে ফি নির্ধারণ করায় ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।