দেশের সরকারি-বেসরকারি সব কলেজ, সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে আবশ্যিকভাবে রোভার দল ও রেঞ্জার দল গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কমপক্ষে ছাত্রদের জন্য একটি রোভার দল এবং ছাত্রীদের জন্য একটি রেঞ্জার দল গঠন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয় বলে আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ স্কাউটসের নিয়ম অনুযায়ী রোভার ও গাইডের নিয়ম অনুযায়ী রেঞ্জারের কার্যক্রম পরিচালনা করা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।
পরিপত্রে রোভার ও রেঞ্জার তহবিলের অর্থসংশ্লিষ্ট কার্যক্রমে ব্যয় নিশ্চিত করার নির্দেশনা প্রদান করে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এ–সংক্রান্ত নির্দেশনামা যথারীতি অনুসরণ করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
পরিপত্রে বলা হয়, ছাত্র ও ছাত্রীদের কাছ থেকে মাথাপিছু ২০ টাকা রোভার স্কাউট ফি ও রেঞ্জার ফি বছরের শুরুতে সেশন চার্জের সঙ্গে আবশ্যিকভাবে আদায় করতে হবে। ছাত্রদের কাছ থেকে আদায় করা টাকা রোভার তহবিলে এবং ছাত্রীদের কাছ থেকে আদায় করা টাকা রেঞ্জার তহবিলে জমা করতে হবে।
রোভার দল ও রেঞ্জার ইউনিট পরিচালনাকারী প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেক রোভার লিডার ও রেঞ্জার গাইডারকে মাসে ২০০ টাকা এবং উড ব্যাজধারী লিডার ও ওয়ারেন্ট গাইডারকে ২৫০ টাকা হারে সম্মানী দিতে হবে।