কলেজ ভবনে নৌ-থানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ মডেল কলেজ ভবনে পাঁচ বছর ধরে চালানো হচ্ছে বাহাদুরাবাদ ঘাট নৌ-থানার কার্যক্রম। একই ভবনে ব্যারাক বানিয়ে পুলিশ সদস্যরা বসবাস করছেন। আর শিক্ষার্থীরা জরাজীর্ণ ভবনের পাঁচটি কক্ষে গাদাগাদি করে ক্লাস করছে। এতে উচ্চমাধ্যমিক এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে৷
ওই কলেজ সূত্রে জানা গেছে, কলেজের একমাত্র ভবনের দ্বিতীয় তলায় কার্যালয়, শ্রেিণকক্ষ ও কম্পিউটার ল্যাব ছিল। ২০০৯ সালে বাহাদুরাবাদ নৌ-থানাটি যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যায়৷ পরে ওই বছরের আগস্ট মাসে অল্প কিছুদিনের কথা বলে থানাটি কলেজের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়। সেই থেকে কলেজ ভবনের দ্বিতীয় তলায় চলছে নৌ-থানার কার্যক্রম। পুলিশ সদস্যদের অবাধ চলাফেরা, রাতযাপন, রান্নাবান্না; এমনকি কাপড় রোদে দেওয়াসহ সবকিছুই চলে ওই ভবনে। আর নিচতলায় রয়েছে অধ্যক্ষের একটি কক্ষ, িশক্ষকদের কমনরুম ও বাথরুম৷ ফলে বাধ্য হয়ে পাশের পুরোনো টিনশেড ঘরে ভাঙাচোরা বেঞ্চে গাদাগাদি করে বসতে হচ্ছে শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হলেও এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ নির্বিকার।
জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, নৌ-থানাটি যমুনা নদীর ভাঙনের কবলে পড়ায় ওই কলেজ ভবনে তা স্থানান্তর করা হয়। এতে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে। নদী থেকে অনেকটাই দূরে হওয়ায় নৌ-থানার কার্যক্রম পরিচালনায় পুলিশ সদস্যদেরও সমস্যা হয়। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নৌ-থানার জন্য উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে। শিক্ষার্থীদের সুবিধার্থে দ্রুত কলেজ ভবনটি ছেড়ে দেওয়া হবে।
কলেজের প্রথম বর্ষের ছাত্রী নীলিমা ইয়াসমিন বলে, ‘আমাদের পাকা ভবন থাকা সত্ত্বেও থানার কারণে ভাঙাচোরা টিনের কক্ষে ক্লাস করতে হচ্ছে। এ ছাড়া সার্বক্ষণিক পুলিশের উপস্থিতির কারণে আমাদের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হচ্ছে। পুলিশ কলেজে এমনভাবে থাকে যেন তাদের এটি নিজের বসতবাড়ি। ক্লাস চলাকালে তাদের বসবাস, রান্নাবান্না ও কলেজ ক্যাম্পাসের খোলা জায়গায় পুলিশ সদস্যরা অবাধে গোসল করায় আমাদের বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়।’
কলেজের অধ্যক্ষ এম এ রশীদ জানান, ভবনটির দ্বিতীয় তলায় থানার পুলিশ সদস্যরা বসবাস করছেন। ফলে অনেকটা বাধ্য হয়েই পুরোনো ঘরে তাঁর অফিস কক্ষেই ছাত্রছাত্রীদের কম্পিউটার ক্লাস নেওয়া হচ্ছে। কলেজ ক্যাম্পাসের এক পাশে খোলা জায়গায় পুলিশ সদস্যরা গোসল ও রান্নার কাজ করায় শিক্ষার্থীদের নানা অসুবিধায় পড়তে হচ্ছে। থানাটি স্থানান্তরের জন্য পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।