কলেজ মাঠে আ.লীগ নেতার মেয়ের বিয়ের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর ডিগ্রি কলেজ মাঠে চলছে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন। তিন-চার দিন ধরে সেখানে প্যান্ডেল তৈরির কাজ চলছে। কাল বৃহস্পতিবার ওই অনুষ্ঠান হবে বলে জানা যায়।
কমিউনিটি সেন্টারে অতিথিদের স্থান সংকুলান হবে না বলে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছবির খান কলেজ প্রাঙ্গণেই সব আয়োজন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন-চার দিন ধরে কলেজের প্রবেশপথের দুই পাশে দুটি বিশাল প্যান্ডেল তৈরির কাজ চলছে। বাঁশের কাজ প্রায় শেষ পর্যায়ে। গত সোমবার বিকেলে সরেজমিন দেখা গেছে, কিছু শ্রমিক প্যান্ডেলের নিচে বালু ফেলছেন। কিছু শ্রমিক পূর্বদিকের প্যান্ডেলে টিন লাগাচ্ছেন। পশ্চিম দিকের প্যান্ডেলে ত্রিপল লাগানো হয়েছে।
প্যান্ডেল তৈরির কাজে নিয়োজিত রাজনগর ডেকোরেটরসের ব্যবস্থাপক কামাল মিয়া বলেন, দুটি প্যান্ডেলে একসঙ্গে ১ হাজার ১০০ জন মানুষ খেতে পারবেন। মৌলভীবাজারের বাবুর্চি রান্নাবান্না করবেন।
উপজেলা চেয়ারম্যান আছকির খানের ছেলে আছাদুজ্জামান খান রাসেল বলেন, রাজনগর উপজেলায় দুটি কমিউনিটি সেন্টার আছে। এতে একটিতে একসঙ্গে ৩০০-৪০০ মানুষকে আপ্যায়ন করা সম্ভব। বিয়েতে পাঁচ হাজারের বেশি অতিথিকে দাওয়াত করা হয়েছে। এত সংখ্যক মানুষকে আপ্যায়ন করার জন্য কমিউনিটি সেন্টারে জায়গা হবে না। এ জন্য কলেজ মাঠকে বেছে নেওয়া হয়েছে।
আছাদুজ্জামান খান আরও বলেন, ‘গভর্নিং বডি এতে অনুমতি দিয়েছে। মাঠে প্রচুর কাদা, তাই গভর্নিং বডি বলেছে মাঠ ভরাট করে দিতে। আমরা মাঠ সংস্কার করছি।’ এদিকে গতকাল থেকে কলেজে শুরু হয়েছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। এ ছাড়া কলেজটি চলতি এইচএসসি পরীক্ষারও কেন্দ্র। তবে বিয়ের অনুষ্ঠানের দিন কোনো পরীক্ষা নেই।
কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন বলেন, জায়গা না পাওয়ায় চেয়ারম্যান কলেজের মাঠ ব্যবহার করতে চেয়েছেন। এইচএসসি পরীক্ষার কারণে এখন কলেজে ক্লাস নেই। তবে পরীক্ষা যেদিন নেই সেদিন অনুষ্ঠান। এতে পড়ালেখার কোনো সমস্যা হচ্ছে না। এ ছাড়া মাঠের কোনো ক্ষতি হলে সেটার ক্ষতিপূরণ তিনি দেবেন। আর কলেজ পরিচালনা কমিটির (গভর্নিং বডি) সভাপতির সঙ্গে আলাপ করেই কলেজ মাঠে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে গত সোমবার ও গতকাল মঙ্গলবার কলেজ পরিচালনা কমিটির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনুর আক্তার পান্না বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। কলেজ পরিচালনা কমিটি অনুমতি দিলে অনুষ্ঠান হতে পারে।