কলেজ মাঠে নগ্ন নৃত্য, জুয়া চালাচ্ছেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া কলেজের মাঠে এক মাস ধরে যাত্রার নামে নগ্ন নৃত্য চলছে। পাশাপাশি ডাব্বু, ওয়ানটেল, ঘিন্নি, বউখেলা নামে নানা ধরনের জুয়া ও হাউজি চলছে।
পুলিশকে মাসোহারা দিয়ে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়া এ যাত্রা ও হাউজি চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেল, উপজেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে পশ্চিমে ফুলপুকুরিয়া কলেজ। উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের অন্তর্গত এই কলেজের মাঠে প্রবেশপথে সাজানো সুসজ্জিত তোরণ। এ তোরণ দিয়েই যাত্রামঞ্চে যেতে হয়। মাঠের উত্তর প্রান্তে যাত্রামঞ্চ। কলেজের কয়েকটি কক্ষ ব্যবহার করা হচ্ছে আয়োজক কমিটির কার্যালয় হিসেবে। শ্রেণীকক্ষের দক্ষিণ ও পূর্ব পাশে জুয়া ও হাউজি মঞ্চ, সাইকেল গ্যারেজ এবং দুটি খাবারের দোকান। নিভৃত এলাকায় যাত্রার নামে চলছে উৎসব।
গত ৯ আগস্ট থেকে কলেজের মাঠে নগ্ন নৃত্য চলছে বলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে। প্রতিদিন রাত ১২টা থেকে যাত্রা শুরু হয়ে চলে ভোর চারটা পর্যন্ত। প্রবেশমূল্য প্রথম শ্রেণী ২০০, দ্বিতীয় শ্রেণী ১০০ ও তৃতীয় শ্রেণী ৫০ টাকা। প্রতিদিন গড়ে একসঙ্গে অন্তত দুই হাজার দর্শক কথিত এই যাত্রানুষ্ঠান উপভোগ করেন।
ফুলপুকুরিয়া এলাকার এক ব্যবসায়ী বলেন, ‘৮ সেপ্টেম্বর রাতে যাত্রা দেখতে গিয়েছিলাম। প্রথমে গান দিয়ে শুরু হলো। অপেক্ষা করছি এই বুঝি যাত্রাভিনয় শুরু হবে। কিন্তু একের পর এক গান চলছে। একসঙ্গে ছয়জন নগ্ন নৃত্য পরিবেশন করছে। লজ্জায় বেরিয়ে পড়লাম।’
উপজেলার কামদিয়া এলাকার সমাজকর্মী লিটন চৌধুরী বলেন, যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া চালানোর কারণে এলাকায় গরু চুরিসহ অপরাধপ্রবণতা বেড়ে গেছে। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদের ছত্রচ্ছায়ায় যাত্রা ও জুয়া চলছে। ফলে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।
তবে কালাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তবে সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়া এসব চালাচ্ছেন বলে শুনেছি।’ অভিযোগ অস্বীকার করে মাসুদ মিয়া বলেন, গ্রামাঞ্চলের মানুষের বিনোদনের জন্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ ব্যবস্থা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসান মাসোহারা নিয়ে যাত্রা, জুয়া ও হাউজি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, প্রভাবশালী ব্যক্তিদের চাপে জুয়া, হাউজি বন্ধ করা যাচ্ছে না।