কলেজ মাঠে পশুর হাট
নোংরা-আবর্জনায় খেলার মাঠে দাঁড়ানো যায় না। কলেজে ঢুকতে-বের হতে গোবর মাড়াতে হয়। দুর্গন্ধে শ্রেণীকক্ষে বসা যায় না। পাবনার সুজানগর উপজেলা সদরের নিজামউদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে গরু-ছাগলের হাট বসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানানো হলেও হাটটি উচ্ছেদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হাটের ইজারাদারেরা প্রভাবশালী হওয়ায় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর কেউ কেউ জানান, সুজানগর পৌরসভার তত্ত্বাবধানে গরু-ছাগলের এই হাটটি প্রতিবছর ইজারা চুক্তির মাধ্যমে বন্দোবস্ত দেওয়া হয়। এ বছর মছিম বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি হাটটি বন্দোবস্ত পেয়েছেন। তিনি সরকারি দলের সমর্থক। সপ্তাহে দুই দিন এখানে হাট বসানো হয়। এর মধ্যে রোববার গরু ও বুধবার ছাগলসহ অন্যান্য পশু বিক্রি হয়। আগে হাটটি কলেজের পাশে ফাঁকা একটি মাঠে বসানো হতো। সেখানেই চলত কেনাবেচার কাজ। কিন্তু দিনে দিনে হাটের পরিধি বেড়ে যাওয়ায় ইজারাদার হাটটিকে কলেজ মাঠে নিয়ে আসে। ছয় মাস ধরে সপ্তাহে দুই দিন বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজ মাঠজুড়ে বসে গরু-ছাগলের হাট। এতে গরু-ছাগলের গোবর ও আবর্জনায় দুর্গন্ধময় হয়ে যায় কলেজ মাঠটি। শিক্ষার্থীরা অভিযোগ করে, হাটবারের পরদিন কলেজে ঢোকা যায় না। পুরো মাঠটি গুরুর গোবর ও চোনা ভরা থাকে। দুর্গন্ধ সহ্য করে শ্রেণীকক্ষে বসে ক্লাস করতে হয়। অনেক শিক্ষার্থী ক্লাসে আসা বাদ দিয়েছে। অসুস্থ হয়ে পড়ছে অনেকে। কিন্তু কলেজ কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও তারা হাটটি সরাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অধ্যক্ষ আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘মাঠে হাট নিয়ে আমরা খুব বিব্রতকর অবস্থায় আছি। ইজারাদারকে হাটটি সরানোর জন্য কয়েক দফা অনুরোধ করা হয়েছে। তিনি শোনেননি। বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।’ সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম নূরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে হাটটি সরানোর প্রচেষ্টা চলছে। আমরা শিগগিরই বিষয়টি নিয়ে আলোচনা করব।’ পৌর মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘হাটটি কলেজ মাঠে ছিল না। বর্ষার পানিতে হাটের নির্দিষ্ট স্থানটি ডুবে যাওয়ায় ইজারাদার অস্থায়ীভাবে কলেজ মাঠে হাট বসিয়েছেন। আমরা ইজারাদারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। শিগগিরই হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে।’ হাটের ইজারাদার মছিম বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।