কলেজ মাঠে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা উচ্চবিদ্যালয় ও কলেজের মাঠে দুই দিন ধরে যাত্রার নামে অশ্লীল নৃত্য চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি নানা ধরনের জুয়াখেলা চলছে।কলেজের অধ্যক্ষ সারোয়ার রাব্বী বলেন, ‘কলেজের মাঠে যাত্রা চালাতে বাধা দিয়েও কোনো কাজ হয়নি। কারণ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা যাত্রা চালাচ্ছেন। যাত্রার কারণে কলেজ বন্ধ দেওয়া হয়নি, তবে কলেজের ছাত্রছাত্রীদের ওপর এর প্রভাব পড়বে।’খোঁজ নিয়ে জানা গেছে, ৭ মে থেকে যাত্রা চালানো হচ্ছে। প্রতিদিন রাত নয়টা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। জনপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা প্রবেশমূল্য নেওয়া হচ্ছে। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলম প্রধান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুর রশিদের নেতৃত্বে এসব চালানো হচ্ছে। ঢোলভাঙ্গা গ্রামের ব্যবসায়ী নয়ন মিয়া বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পুলিশকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে যাত্রা ও জুয়া চালাচ্ছেন। জুয়ার আসরে বসে শত শত মানুষ টাকা খোয়াচ্ছে। ইউপি চেয়ারম্যান আলম প্রধান বলেন, ‘আমি ঢোলভাঙ্গা বিদ্যালয় ও কলেজের সভাপতি। স্থানীয় আয়োজকদের চাপে কলেজের মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এর সঙ্গে আমি জড়িত নই। আওয়ামী লীগের নেতা আবদুর রশিদ যাত্রা চালাচ্ছেন।’খোর্দ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুর রশিদ যাত্রা চালানোর কথা স্বীকার করে বলেন, ‘মানুষের বিনোদনের জন্য প্রশাসনের কাছ থেকে ১০ দিন যাত্রা চালানোর অনুমতি নিয়েছি। তবে অশ্লীল নৃত্য হয় না।’সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন উৎকোচ নিয়ে যাত্রা চালানোর অভিযোগ অস্বীকার করেন।