
রংপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল থাকার পরও নগরের গুরুত্বপূর্ণ স্থান কলেজ রোডে পৃথক কুড়িগ্রাম বাসস্ট্যান্ড রয়েছে। এ নিয়ে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি নাগরিকদেরও দুর্ভোগ পোহাতে হয়।
শহর থেকে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কলেজ রোডে (সাবেক ট্রাকস্ট্যান্ড) রয়েছে কুড়িগ্রাম বাসস্ট্যান্ড। নাগরিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে ট্রাকস্ট্যান্ডটি নগরের আর কে রোডে স্থানান্তর করা হয়েছে সাত বছর আগে। কিন্তু তখন থেকে এখানে কুড়িগ্রাম বাসস্ট্যান্ডটি থেকে যায়। যদিও শহরের বাইপাস রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে। সেখান থেকে রংপুর বিভাগের আট জেলাসহ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় দূরপাল্লার বাস চলাচল করে।
শহরের কলেজ রোডে এই বাসস্ট্যান্ডটি থাকার কারণে কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের রিকশা ও অটোরিকশায় যাতায়াত করতে বিড়ম্বনায় পড়তে হয়। সেই সঙ্গে কলেজ রোড, খামার, আদর্শপাড়া, বনানীপাড়া, চকবাজার, আশরতপুর, বাবুখাঁ, আলমনগর, কলেজপাড়াসহ নগরের ১৫টি পাড়া-মহল্লার নাগরিকদের চলাচলেও ভোগান্তি পেতে হয় বলে এলাকাবাসীর অভিযোগ।
মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের কাছ থেকে জানা গেছে, এই সড়কের পাশে ছোট্ট একটি জায়গায় প্রতিদিন ২৫টি বাস কুড়িগ্রাম থেকে রংপুরে যাওয়া-আসা করছে।
সরেজমিনে দেখা গেছে, একটি বাস এলে সেখানে গাড়ি ঘোরানোর পর্যাপ্ত জায়গা থাকে না। সড়কের মধ্যেই গাড়ি ঘোরানো হয়। সড়কের দুই পাশে বাসগুলো দাঁড়িয়ে থাকে। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যেকোনো যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি বড় মসজিদ রয়েছে। মসজিদের সামনেও গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বাসচালক আনিসুর রহমান বলেন, বাস নিয়ে আসার পর এখানে বিশ্রাম নেওয়ারও কোনো স্থান নেই। রাস্তার মধ্যে গাড়ি ঘোরানোর ফলে কিছু সময়ের জন্য হলেও নাগরিকদের চলাচলে বিড়ম্বনা হয়।
বাসযাত্রী শফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল থাকার পরও কুড়িগ্রাম জেলার জন্য একটি পৃথক বাসস্ট্যান্ড থাকার কোনো কারণ থাকতে পারে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বনানীপাড়ার একজন গৃহিণী বলেন, ‘এই বাসস্ট্যান্ডের জন্য আমাদের দুর্ভোগ হয়।’ কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, এখানে বাসস্ট্যান্ড থাকায় এই রাস্তায় প্রায় সময় বাস চলাচল করে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি হয়।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘এখানে গুরুত্বপূর্ণ এলাকার রাস্তার পাশে বাসস্ট্যান্ড হওয়ায় প্রতিদিনই শিক্ষার্থীদের দুর্ভোগ হচ্ছে। আমরাও চাই কুড়িগ্রাম বাসস্ট্যান্ড কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানান্তর হোক।’
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহমেদ বলেন, ‘আমাদের নিজস্ব জায়গায় অনেক আগে থেকেই এখানে কুড়িগ্রাম বাসস্ট্যান্ড রয়েছে। এতে করে কুড়িগ্রামের যাত্রীদেরই সুবিধা হয়েছে। আর কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থান সংকুলান হয় না। তবে কেন্দ্রীয় বাস টার্মিনালে নতুন করে ভবন নির্মাণ করা হলে সেখানে নিয়ে যাওয়া হবে।’