কলেজ শিক্ষকদের ১১ দফা বাস্তবায়নের দাবি
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের জন্য বর্ধিত চাঁদা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখা। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়।
সকাল ১০টায় কুমিল্লা নগরের অজিতগুহ মহাবিদ্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা সৌরভ।
সংবাদ সম্মেলনে বর্ধিত চাঁদা কর্তনের সিদ্ধান্ত বাতিলসহ ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান, বৈশাখি ভাতা প্রদান, পূর্ণাঙ্গ পেনশন, বাড়িভাড়া ও চিকিত্সা ভাতা প্রদান, শিক্ষকদের পদোন্নতি, নন–এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্তকরণ, কর্মচারীদের চাকরিবিধি বাস্তবায়ন, প্রতিষ্ঠান প্রধানদের পরিচালনা পর্ষদের সভাপতি নিয়োগ, স্নাতক কোর্সে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তকরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা উন্নয়নের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা জেলা শাখার সভাপতি হাসান ইমাম মজুমদার, সহসভাপতি নজরুল ইসলাম, ফেরদৌস আহমেদ চৌধুরী প্রমুখ।