কলেজ শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত ১৫
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও বাসশ্রমিকদের সংঘর্ষে পাঁচ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বাসে শিক্ষার্থীদের উঠতে বাধা দেওয়ায় গতকাল মঙ্গলবার সকালে কলেজের কাছে মহাসড়কে এ সংঘর্ষ হয়। এতে সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, বেলা ১১টায় মাধবপুর বাসস্ট্যান্ড থেকে কয়েকজন শিক্ষার্থী এক কিলোমিটার দূরে সঈদ উদ্দিন কলেজে যেতে সুনামগঞ্জগামী সুরমা এক্সপ্রেস পরিবহনের একটি কোচে ওঠার চেষ্টা করেন। এ সময় পরিবহন শ্রমিকেরা তাঁদের বাধা দেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে ওই শিক্ষার্থীরা কলেজে অপর শিক্ষার্থীদের মুঠোফোনে বিষয়টি জানান।এ সময় কলেজে থাকা শিক্ষার্থীরা কোচটিকে কলেজগেটে আটকের জন্য মহাসড়কে নামেন। বাসটি কলেজের কাছে এলে বাসশ্রমিকের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে স্থানীয় গ্রামবাসীও বাসশ্রমিকদের পক্ষ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের মৃদু লাঠিচার্জে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।