কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন
নীলফামারীর ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গতকাল বুধবার বার্ষিক পরীক্ষা বর্জন করেছে।
পরীক্ষার ফি না দেওয়ায় এক প্রভাষক দুই ছাত্রকে গত সোমবার পরীক্ষার হল থেকে বের করে দেন। এ ঘটনার প্রতিবাদেই ওই কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের সড়কটি সকাল ১০টা থেকে এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তাঁরা দুই ছাত্রকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার ঘটনায় জড়িত প্রভাষকের বিচার না হওয়া পর্যন্ত সব পরীক্ষা ও ক্লাস বর্জনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।
তাদের অভিযোগ, গত সোমবার কলেজের একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষা চলছিল। এ সময় পরীক্ষার ফি না দেওয়ার অভিযোগে ইংরেজি বিভাগের প্রভাষক জহুরুল ইসলাম পরীক্ষার্থী জীবন কুমার রায় ও ইব্রাহিম কামালকে হল থেকে বের করে দেন। এর প্রতিবাদে গতকাল মনোবিজ্ঞান পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা।
প্রভাষক জহুরুল ইসলাম বলেন, ‘আমি এখন বাইরে আছি। তাদের অভিযোগ সত্য না। কিছু শিক্ষার্থী ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করে ফায়দা লোটার চেষ্টা করছে।’