কলেজ সরকারীকরণ দাবিতে অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চারমাথা মোড়ে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করেন শিক্ষার্থীরা। গোবিন্দগঞ্জ কলেজ সরকারীকরণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এরপর শিক্ষার্থীদের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে তাঁরা ইউএনও আবদুল হান্নানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
অবরোধ চলাকালে এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন, উপাধ্যক্ষ বশির আহমেদ, সহকারী অধ্যাপক সুলতান আহমেদ, নুর হোসেন, শহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার উপজেলাভিত্তিক একটি কলেজ জাতীয়করণ নীতিমালা গ্রহণ করেছে। কিন্তু ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত গোবিন্দগঞ্জ কলেজকে বাদ দিয়ে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত গোবিন্দগঞ্জ মহিলা কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তাই তাঁরা ওই মহিলা কলেজকে বাদ দিয়ে তাঁদের কলেজকে সরকারীকরণের দাবি জানান।