কলেজ সরকারীকরণ নিয়ে দাকোপে দুই পক্ষের বিরোধ
খুলনার দাকোপে একটি মহিলা কলেজ সরকারীকরণ নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়েছে। এক পক্ষ চাইছে সরকারি মহিলা কলেজ দাকোপ উপজেলা সদরে হোক, অন্য পক্ষ চাইছে উপজেলা সদর থেকে ১০-১২ কিলোমিটার দূরে বাজুয়া ইউনিয়নে অবস্থিত এলবিকে মহিলা ডিগ্রি কলেজটি সরকারীকরণ হোক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইলাদুর্গত খুলনার কয়রা উপজেলা সফর করেন। এ সময় তিনি কয়রা ও দাকোপ উপজেলার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে এ দুটি উপজেলায় একটি করে দুটি মহিলা কলেজ সরকারীকরণের ঘোষণা দেন। কয়রা উপজেলায় একটি মাত্র মহিলা কলেজ থাকায় সরকারীকরণ বিষয়ে কোনো সমস্যা হয়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দাকোপ উপজেলা সদরসহ উপজেলার বেশির ভাগ জনগণ দাকোপ (চালনা) সদরের চালনা মহিলা কলেজটিকে সরকারীকরণের পক্ষে। এলবিকে মহিলা কলেজের অধ্যক্ষ কুমারেশ মণ্ডল স্থানীয় সাংসদের (খুলনা-১) ছোট ভাই। এ জন্য সাংসদ উপজেলা সদরে না হওয়া সত্ত্বেও কলেজটিকে সরকারীকরণের জন্য জনমত গঠনসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জোর তদবির করছেন।খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) সাংসদ ননী গোপাল মণ্ডল প্রথম আলোকে বলেন, যে কলেজটি আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কলেজটিকেই সরকারীকরণ করা উচিত। সে ক্ষেত্রে এলবিকে মহিলা ডিগ্রি কলেজটি এগিয়ে রয়েছে। কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। সে তুলনায় চালনা মহিলা কলেজটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। ওই কলেজের নিজস্ব কোনো ভবন নেই, এমপিওভুক্তও হয়নি। এমন একটি কলেজকে কিছু লোক তাঁদের স্বার্থে সরকারীকরণের দাবি তুলেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলবিকে মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৫৫০ আর চালনা মহিলা কলেজে শিক্ষার্থীর সংখ্যার মাত্র ২৮৪ জন।চালনা মহিলা কলেজের অধ্যক্ষ নন্দিতা দাস জানান, তাঁদের কলেজটি এমপিওভুক্ত হয়নি। তবে সদরে হওয়ায় তাঁদের কলেজটিকে সরকারীকরণ করলে ভালো হবে।দাকোপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, সরকারের নীতিমালার আলোকে অধিকাংশের গ্রহণযোগ্য মহিলা কলেজটিকে সরকারীকরণ করা হোক। দাকোপ উপজেলা আওয়ামী লীগের সদস্য চিত্তরঞ্জন সরকার দাবি করে বলেন, দাকোপের অধিকাংশ মানুষ চায় সরকারি মহিলা কলেজটি দাকোপ সদরে হোক। দাকোপের কোনো মহিলা কলেজকে সরকারীকরণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে স্থানীয় সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুধী সমাজের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।