কলেজ সরকারীকরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস স্থগিত থাকার পর গতকাল রোববার থেকে আবারও কলেজ জাতীয়করণের আন্দোলনে নেমেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল উপজেলা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে ১৫ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটি সূত্র জানায়, গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ-সংলগ্ন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশে বক্তব্য দেন ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেম, কলেজের শিক্ষক রুহুল আমিনসহ আরও কয়েকজন শিক্ষক।

বেলা তিনটার দিকে ফুলবাড়িয়া কলেজ মিলনায়তনে ১৫ জানুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ৪ জানুয়ারি মুখে কালো কাপড় বেঁধে মিছিল, ৭ জানুয়ারি পুলিশের মারধরে নিহত শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী ছফর আলীর স্মরণসভা, ৯ জানুয়ারি বিক্ষোভ মিছিল, ১১ জানুয়ারি বিক্ষোভ মিছিল, ১৪ জানুয়ারি দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী ও ১৫ জানুয়ারি কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

কলেজ জাতীয়করণের দাবিতে গত ১৪ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেন ফুলবাড়িয়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ। গত ২৭ নভেম্বর আন্দোলন চলাকালে পুলিশের মারধরে আহত হয়ে নিহত হন শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী ছফর আলী (৬৫)।