কলেজছাত্র অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এক কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তাঁর চাচাতো ভাইসহ নয়জনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, ওই কলেজছাত্রের বাবার কাছ থেকে ২৪ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
র‌্যাব জানায়, পুরো চক্রটিকে শনাক্ত করে নয়জনকে আটক এবং তাঁদের কাছ থেকে সাত লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উত্তরায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান, ঘটনার শিকার কলেজছাত্র মীর রেদোয়ান আহম্মেদ ওরফে রাজীব এবং আটক ব্যক্তিদের মধ্যে দুজন বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান ও রেদোয়ানের মা-বাবা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ এপ্রিল বিমানবন্দর গোলচত্বর থেকে মাইলস্টোন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রেদোয়ানকে অপহরণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নিয়ে নৌকায় তিন দিন আটকে রাখে অপহরণকারীরা। অপহরণকারীদের চাহিদা অনুযায়ী তাঁর বাবা ব্যবসায়ী মীর রনজু আহম্মেদ ১১ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়েই অপহরণকারীদের ২৪ লাখ টাকা দেন। এই টাকা দেওয়ার পর রেদোয়ানকে যমুনার সিরাজগঞ্জ পাড়ে নামিয়ে দেওয়া হয়। পরে তিনি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের রেলস্টেশনে অপেক্ষমাণ তাঁর বাবার কাছে যান।
র‌্যাব জানায়, ছেলেটি ফিরলেও তারা তদন্ত বন্ধ করেনি। গত শনিবার রাতে র‌্যাব মাসুদ রানা ওরফে মোমিন ওরফে শাওন ওরফে ফারদিন এবং তাঁর সহযোগী রাজীব ওরফে আকাশকে ঢাকা থেকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের নাগরপুর ও ভূঞাপুর থেকে অপহূত কলেজছাত্রের চাচাতো ভাই মীর নোমান সালেহীন, মোফাজ্জল হোসেন, এরশাদ আলী, আবদুর রাজ্জাক, লেবু মিয়া, ওসমান গনি এবং টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সুমাইয়া শারমিনকে আটক করা হয়। ওসমান ছাড়া বাকি সবাই বয়সে তরুণ। এঁদের কেউ অনিয়মিত ছাত্র, কেউ পড়ালেখার পাট চুকিয়ে ফেলেছেন।
র‌্যাব জানায়, অপহরণের মূল পরিকল্পনা করেন মাসুদ রানা ও রাজীব। তাঁদের সঙ্গে মীর নোমানও ছিলেন। রেদোয়ান অপহরণ হওয়ার দিনই নোমান টাঙ্গাইল থেকে ঢাকায় চাচার বাসায় আসেন এবং পরের চার দিন সেখানেই ছিলেন। ওই বাসায় থেকে রেদোয়ানের পরিবারের তৎপরতা সম্পর্কে অপহরণকারীদের তথ্য দিচ্ছিলেন তিনি।
রেদোয়ান সংবাদ সম্মেলনে বলেন, অপহরণের কয়েক দিন আগে তাঁর মুঠোফোনে ৫০ টাকা আসে। পরে এক তরুণী ফোন করে বলেন ভুলে ওই টাকা গেছে। তাই তিনি ওই তরুণীর ফোনে ৫০ টাকা পাঠিয়ে দেন। এর পর থেকে তাঁদের মধ্যে মুঠোফোনে কথা হতো। ওই তরুণীর কথায় তিনি বিমানবন্দর গোলচত্বরে গিয়ে অপহূত হন।
র‌্যাব জানায়, ওই মেয়েটিই আটক সুমাইয়া শারমিন। তিনি মাসুদ রানার বান্ধবী। মাসুদ রানা তাঁকে দিয়ে ফোন করিয়ে রেদোয়ানকে ফাঁদে ফেলেন। মুক্তিপণের টাকা অপহরণে ভূমিকা অনুযায়ী ভাগ হয়েছে। মাসুদ রানা একাই নিয়েছেন নয় লাখ টাকা। এর মধ্যে সাত লাখ টাকা র‌্যাব উদ্ধার করেছে। নোমানকে একটি পালসার মোটরসাইকেল ও দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। নৌকার মাঝি ওসমান গনি পেয়েছেন পাঁচ হাজার টাকা।
রেদোয়ানের বাবা বলেন, তিনি বাড়ি বন্ধক রেখে টাকা জোগাড় করেছেন। নোমান তাঁকে টাকা জোগাড় করতে সহায়তা করেছেন। পরে জানলেন, নোমানও অপহরণে জড়িত।