কলেজছাত্র অপুকে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
রাজধানীর সূত্রাপুরের কলেজছাত্র আশেকুর রহমান খান ওরফে অপু হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এ ছাড়া এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: মঞ্জুরুল আবেদিন ওরফে রাসেল ও নওশাদ হোসেন মোল্লা ওরফে রবিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মোহাম্মদ আলী ওরফে মুন্না, ইফতেখার বেগ ওরফে ঝলক, মাহবুব আলম ও বিপ্লব চন্দ্র দাস। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মাহবুব আলম ও বিপ্লব চন্দ্র দাস পলাতক আছেন। খালাস পাওয়া একমাত্র আসামি হলেন আতিক আহমদ ওরফে শিপলু। কারাগারে আটক চার আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণার পর আসামি ও তাঁদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।রায় ঘোষণার সময় অপুর মা আদালতে উপস্থিত ছিলেন। আসামি মোহাম্মদ আলী ও মাহবুব আলমের মৃত্যুদণ্ড না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। অপুর মা সাংবাদিকদের জানান, রায়ের কপি হাতে পাওয়ার পর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রায়ে বলা হয়, এ মামলায় রাষ্ট্রপক্ষ ৪৪ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। অপুকে হত্যার দায়ে আসামি মঞ্জুরুল আবেদিন ও নওশাদ মোল্লাকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া অপুর দুই ভাই আশিকুর রহমান ওরফে বাপ্পি ও সেতুকে হত্যার উদ্দেশ্যে জখম করায় মঞ্জুরুল ও নওশাদকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হলে ১০ বছরের কারাদণ্ডের আদেশ কার্যকর হবে না। রায়ে আরও বলা হয়, আসামি মোহাম্মদ আলী, ইফতেখার বেগ, মাহবুব আলম ও বিপ্লব চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক আরেক ধারায় এই চার আসামিকে নিহত অপুর দুই ভাইকে হত্যার উদ্দেশ্যে জখম করার দায়ে আরও ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।২০০৮ সালের ২৩ মে পেশাদার সন্ত্রাসীরা ১২ লাখ টাকা চাঁদার দাবিতে বাড়িতে ঢুকে অপুসহ তিন ভাইকে মারধর ও গুলি করে। এতে অপু মারা যান।