কলেজছাত্র আবির হত্যার তদন্ত শুরু
কলেজছাত্র আবির নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, সদর দপ্তর থেকে নির্দেশ পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য নেন বলে জানান।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ‘পল্লবীতে কলেজছাত্রকে হত্যা’ নিয়ে গতকাল সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি তদন্তের জন্য মিরপুর বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়।এদিকে আবিরকে হারিয়ে শোকে মুহ্যমান তাঁর পরিবার। আবিরের বাবা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপক কাজী মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তাঁরা আইনি পদক্ষেপ নেবেন।গত সোমবার মধ্যরাতে পল্লবীর বাউনিয়া বাঁধের ই ব্লকের বালুর মাঠে পল্লবী থানা পুলিশের গুলিতে আবির নিহত হন। পরিবারের দাবি, পুলিশ তাঁকে রাস্তা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। আবির মোহাম্মদপুরের নর্দান কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।