কলেজছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় গত সোমবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শফি নামে এক কলেজছাত্র আহত হয়েছে। তার বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকায়। সে কক্সবাজার সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত শফি জানায়, সোমবার রাত আটটার দিকে টিউশনি শেষে সে বাসায় ফিরছিল। হাশেমিয়া মাদ্রাসার পূর্ব পাশে নির্জন এলাকায় ৬ জন ছিনতাইকারী তাকে জাপটে ধরে মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর তার বাম হাঁটুর পেছনে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। শফি জানায়, তার এইচএসসির নির্বাচনী পরীক্ষা চলছে। আঘাতের কারণে গতকাল মঙ্গলবারের পরীক্ষায় অংশ নিতে পারেনি সে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।