কলেজছাত্র এনামুল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কলেজছাত্র এনামুল হকের (১৯) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গত ১৯ জুলাই বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জলিলপুর গ্রামের কলেজছাত্র এনামুল হক স্থানীয় কাটাখালী বাজারের একটি ঘরে জুয়া খেলতে বাধা দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা মারধর করলে তিনি প্রাণ হারান। এ ঘটনায় তাঁর বাবা আবদুল মান্নান গত ২৩ জুলাই আটজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। কিন্তু পুলিশ এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ এ এস এম এ কে সাব্রী সাবেরীন, শিক্ষক কল্পনা তালুকদার, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি দ্বিপাল ভট্টাচার্য প্রমুখ।