কলেজছাত্র-এলাকাবাসী সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশার ভাড়া নিয়ে এক ছাত্রের সঙ্গে বচসার জের ধরে গতকাল শনিবার সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজে ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ-ছাত্রসহ ১৫ জন আহত হয়েছেন। কলেজছাত্ররা হামলা চালিয়ে পাঁচটি অটোরিকশাসহ ১০টি যানবাহন ভাঙচুর করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বর্ণনা অনুযায়ী, শনিবার সকাল ১০টায় শাহ খুররম ডিগ্রি কলেজের এক ছাত্র অটোরিকশায় টুকেরবাজারের তেমুখী থেকে কলেজের সামনে গিয়ে দুই টাকা ভাড়া দেন। চালক পাঁচ টাকা ভাড়া দাবি করলে তর্ক হয়। অটোরিকশাচালক ঘটনাটি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের কাছে গিয়ে জানিয়ে বিচার চান। অধ্যক্ষের সঙ্গে চালকের বাকিবতণ্ডা হয়। কলেজ অধ্যক্ষকে অটোরিকশাচালক লাঞ্ছিত করেছে—এমন খবরে ছাত্ররা রাস্তায় নেমে সিলেট-সুনামগঞ্জ সড়কে পাঁচটি অটোরিকশা ও পাঁচটি যাত্রীবাহী বাহন ভাঙচুর করেন। এ কারণে কলেজের সামনের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এলাকাবাসীসহ যানবাহনের চালকেরা সংগঠিত হয়ে কলেজে গেলে ছাত্রদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। ওসি গৌসুল হোসেন জানান, সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে পুলিশ কাঁদানে গ্যাসের ১৫টি শেল নিক্ষেপ ও শটগানের ১৫টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুজন পুলিশ সদস্য, ছাত্র ও এলাকাবাসী মিলিয়ে ১৫ জন আহত হয়েছেন। অধ্যক্ষ জানান, আহত দুই ছাত্রকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাল রোববার (আজ) সমঝোতা বৈঠক হবে।