কলেজছাত্র ও গৃহবধূ খুন আরও দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে কলেজছাত্র সুজন চন্দ্র দাস (২০) ও সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ রাশিদা বেগম (২৬) খুন হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলে এক তরুণ ও কিশোরগঞ্জের ভৈরবে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: বাজিতপুরের হিলোচিয়া ইউনিয়নের জয়নাবপুর দামপাড়া গ্রামে বুধবার রাতে সুজন চন্দ্র দাসের বোনের বিয়ের লগ্ন চলছিল। এ সময় প্রতিবেশী কয়েকজন তরুণ এসে হইচই শুরু করেন। এ নিয়ে প্রতিবাদ করায় উভয়পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও মারামারি হয়। পরদিন ভোরে বর-কনে বিদায় হওয়ার পর সালিস বৈঠক শুরু হয়। বৈঠকের একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং প্রতিপক্ষের লাঠির আঘাতে সুজন চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান। সুজন বাজিতপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
গোয়াইনঘাট (সিলেট): উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের সুলতানপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাশিদা বেগমের সঙ্গে ঝগড়া হয় তাঁর স্বামী জামালউদ্দিনের। এ সময় জামালউদ্দিন দা দিয়ে রাশিদার গলায় কোপ দেন। গ্রামের লোকজন বাড়ির পাশের খড়ের স্তূপে রাশিদার লাশ দেখতে পান। তাঁরা জামালকে আটক করে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার ও জামালকে গ্রেপ্তার করে।
ভৈরব: উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তোলাকান্দি গ্রামে স্বামীর বাড়ি থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার অঞ্জনা আক্তারের (২৪) লাশ উদ্ধার করে। অঞ্জনা তোলাকান্দি গ্রামের জুতা ব্যবসায়ী আলমগীর হোসেনের স্ত্রী ও আগানগর ইউনিয়নের জগমোহন গ্রামের আবু তালেবের মেয়ে। আবু তালেব বলেন, ‘সম্প্রতি আলমগীর এক লাখ টাকা চান। এ টাকা দিতে না পারায় বুধবার রাতে আলমগীর আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করেন। আমি হত্যা মামলা করব।’
নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার চরশ্রীরামপুর গ্রামে বসতঘরের পেছন থেকে গতকাল হুমায়ুন আহমেদ (৩০) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গ্রামবাসী সূত্র জানায়, হুমায়ুন এক মাস আগে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন। মঙ্গলবার নান্দাইল ইউনিয়নের কবরস্থানবাজার এলাকার একটি মেয়েকে বিয়ে করেন। পরদিন তিনি স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান। হুমায়ুনের মা রাশিদা বেগম (৫৫) বলেন, বউভাত অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার মান নিয়ে পুত্রবধূর বাড়ির এলাকার লোকজন সন্তুষ্ট হয়নি। এ নিয়ে হুমায়ুনের সঙ্গে স্ত্রীর মৃদু মনোমালিন্য হয়। এ ছাড়া আর কিছু জানা নেই।