কলেজছাত্র ও ছাত্রলীগের নেতাসহ তিনজন খুন
লালমনিরহাটের পাটগ্রামে গত বুধবার ছাত্রলীগের একজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পাবনার ঈশ্বরদী ও চাটমোহরে এক কলেজছাত্রসহ দুজনকে খুন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পাটগ্রাম (লালমনিরহাট): সিঁধ কেটে ঘরে ঢুকে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পাটগ্রাম উপজেলার উফারমারার ঘুন্টি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতার নাম ওয়াজেদ ইসলাম (১৯)। তিনি উফারমারার ঘুন্টি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বুড়িমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ওয়াজেদের ঘনিষ্ঠ বন্ধু মুগলিবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমনকে আটক করেছে পুলিশ। পাটগ্রাম থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, সিঁধ কেটে ঘরে ঢুকে কে বা কারা ঘরে ঢুকে ওয়াজেদ ইসলামকে কুপিয়ে হত্যা করে। রাতে সেহিরর সময় ডেকে সাড়া না পাওয়ায় খুন হওয়ার বিষয়টি জানতে পারে তাঁর পরিবার। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।ঈশ্বরদী (পাবনা): উপজেলার বাঘইল হাজীপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ও রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র আবদুল মালেক (২০) খুন হয়েছেন। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে সাহাপুর ইউনিয়নের বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি তালগাছের নিচ থেকে মালেকের লাশ উদ্ধার করে। মালেক গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মালেকের বন্ধু সোহানকে আটক করেছে। এ ঘটনায় মালেকের বাবা গিয়াস উদ্দিন গতকাল থানায় হত্যা মামলা করেছেন।চাটমোহর (পাবনা): উপজেলার মথুরাপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমকে (৩৮) বুধবার শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী খাদিজা খাতুনকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। রেজাউলের বড় ভাই ওমর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জানায়, রেজাউল করিম মুঠোফোনের টাওয়ার নির্মাণের কাজ করেন। ২০০৪ সালের মাঝামাঝি সময়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা খাদিজা খাতুনকে বিয়ে করেন। দুই বছর পর তাঁদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়। পেশাগত কারণে দীর্ঘ সময় ধরে তিনি জেলার বাইরে অবস্থান করতেন। তাঁর অনুপস্থিতিতে খাদিজার সঙ্গে সহকর্মী শাহীনুর রহমানের সম্পর্ক হয়। বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করেন রেজাউল করিম। এ নিয়ে কলহের জেরে খাদিজা ও শাহীন রেজাউল করিমকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখেন। ভোরে পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে।