কলেজছাত্র ও বিএনপি নেতার ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হাসান (১৮) গতকাল মঙ্গলবার দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তাঁর বাঁ হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। একই দিন উপজেলার চাকমইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া ব্রিজ এলাকায় বিএনপির স্থানীয় নেতা দস্তগীর তালুকদার (৩২) সন্ত্রাসী হামলায় আহত হন।
জানা গেছে, সাইফুল ইসলাম নামের আরেক বন্ধুসহ দুপুরে বাড়ি ফিরছিলেন নাজমুল। কলাপাড়া পৌর শহরের আখড়াবাড়ী এলাকায় পৌঁছলে মধু ও মুসা ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জন তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের হাতে থাকা রামদার কোপে নাজমুলের বাঁ হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। সাইফুল প্রতিবাদ করলে তাঁকেও লাঠি দিয়ে বেদম মারধর করে দুর্বৃত্তরা। নাজমুলকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রায় একই সময় নিশানবাড়িয়া ব্রিজ এলাকায় চাকামইয়া ইউনিয়ন বিএনপির সদস্য দস্তগীর তালুকদারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে আব্বাস উদ্দিন, আমির হোসেন ও জাকির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ‘দুটি ঘটনা সম্পর্কে আমরা শুনেছি। এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’