কলেজছাত্র খুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামরুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রাজু হাসানকে (১৮) দুর্বৃত্তরা খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবার দাবি, পরকীয়া প্রেমের জের ধরে রাজুকে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল বখশো ফকিরপাড়ার কৃষক মতি সরদার ও তাঁর স্ত্রী একসঙ্গে ঘরের বাইরে বের হন। এ সময় বাড়িতে প্রবেশের গলি পথে তাঁদের ছেলে রাজুকে হাঁটু গেড়ে বসা এবং গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে আশপাশের লোকজন এসে রাজুকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।