নাটোরের বড়াইগ্রামে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল আহমেদ (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওইল নামক স্থানে ট্রেনের সঙ্গে বালুর ট্রাকের সংঘর্ষে ৮ শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার এ দুর্ঘটনা দুটি ঘটে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল-রাজাপুর সড়কের চান্দাই এলাকা দিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রাসেল। চান্দাই ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ভটভটি ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল মারা যান। নিহত যুবক চান্দাই গ্রামের মোজাহার আলীর ছেলে ও রাজশাহী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক আল-আমিন গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেহাদ হোসেন বলেন, ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওইল ওভারব্রিজ-সংলগ্ন রেলক্রসিং অতিক্রমের সময় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। গতকাল বেলা পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা চালকসহ ৮ জন আহত হন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় মামলা করা হয়েছে। এলাকাবাসি জানায়, ওইস্থানে কোনো রেলগেট না থাকায় মূলত এ দুর্ঘটনা ঘটে।