কলেজছাত্র শাহরিয়াজ হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়াজ মাহমুদ হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) জব্দ করা হয়। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কলেজছাত্র শাহরিয়াজকে হত্যার কথা স্বীকার করেছে। ডিবির এক কর্মকর্তা বলেন, আজ বুধবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হবে।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, শাহরিয়াজ হত্যার ঘটনার পর থেকে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ফতুল্লা মডেল থানার পুলিশের সঙ্গে মাঠে নামে জেলা ডিবির একটি দল। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মঈনুল হক চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শাহরিয়াজকে হত্যার কথা স্বীকার করেছে।
শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুর এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তোলারাম কলেজের ছাত্র শাহরিয়াজ মাহমুদ। শনিবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভুঁইগড় এলাকা থেকে অজ্ঞাত হিসেবে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে শাহরিয়াজের বাবা কামাল সিদ্দিকী পরনের জামা দেখে ছেলের লাশ শনাক্ত করেন। শাহরিয়াজ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় একটি পত্রিকার অনলাইন সংস্করণের কম্পিউটার বিভাগে কাজ করতেন তিনি। এই ঘটনায় শাহরিয়াজের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।