কলেজছাত্র সাইদুলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মেহেদীবাগ এলাকায় ছুরিকাঘাতে নিহত পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও গিটারবাদক সাইদুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন করা হয়। চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন ও সিডিএ ইয়ুথ ক্লাবের সদস্য এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার পর ছয় দিন পেরিয়ে গেলেও পুলিশ খুনিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে নিহতের পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছেন। বক্তারা অবিলম্বে সাইদুলের খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। রোববার রাতে মেহেদীবাগের জহুর আহম্মদ চৌধুরী সড়কে নিজ বাসার অদূরে ছুরিকাঘাতে খুন হন সাইদুল ইসলাম (২২)। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।