কলেজছাত্র হত্যার দায়ে ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আইন কলেজের ছাত্র আফসার হোসেন ওরফে শামীমকে হত্যার দায়ে ইদ্রিস আলম নামের একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ ওই হত্যা মামলায় আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম আইন কলেজের ছাত্র শামীমকে দাওয়াতের কথা বলে তাঁর পূর্ব পরিচিত ইদ্রিস আলম রাউজানে নিয়ে যান। সেখানে দুই দিন আটকে রেখে আফসারের পরিবারের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করেন। ২০১২ সালের ২২ জুলাই রাউজান বধুপাড়া এলাকা থেকে আফসারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাউজান থানায় মামলা করা হলে আসামি ইদ্রিস আলমকে পুলিশ গ্রেপ্তার করে। পরে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।’ পিপি বলেন, ‘অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মনির হোসেন, আবদুর রউফ ও আলী আজমকে বেকসুর খালাস দেন আদালত।’

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা মোজাম্মেল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে। আমার ছেলে টাকা পাইত আসামির কাছে। পাওনা টাকা না দিতে আসামি দাওয়াত দিয়ে ডেকে নিয়ে তাকে হত্যা করে।’