কলেজছাত্র হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

গাজীপুরে কলেজছাত্র আলমগীর হোসেন হত্যার ঘটনায় ১৫ বছর পর তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সোহেল (৩৫), আলামিন (৩৭) ও জাকির (৩৭)। তাঁদের বাড়ি গাজীপুর কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামে।
নিহত আলমগীর নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল চরপাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে। তিনি কালীগঞ্জের তুমুলিয়া গ্রামে নানাবাড়িতে থেকে স্থানীয় শ্রমিক কলেজে স্নাতক (সম্মান) পড়ছিলেন।
গাজীপুর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. আতাউর রহমান জানান, নানাবাড়ির প্রতিবেশী সিরাজুলের ছেলেকে প্রাইভেট পড়াতেন আলমগীর। বিষয়টি স্থানীয় কিছু বখাটে সহ্য করতে পারত না। তাঁরা কয়েকবার আলমগীরকে হুমকিও দেয়। আলমগীর সিরাজুলের বাড়িতে থাকা অবস্থায় ২০০২ সালের ৭ অক্টোবর রাতে আসামিরা ওই বাড়িতে গিয়ে আলমগীরের ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আলমগীরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন আলমগীরের বাবা আবদুল বারেক বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।