কলেজছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় মিরপুর বাঙলা কলেজের ছাত্র শাহাদত হোসেন ওরফে রনির হত্যার প্রতিবাদে তাঁর সহপাঠীদের গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করতে দেয়নি পুলিশ।গত শনিবার আশুলিয়ার নরসিংহপুরের কোনাবাড়ীতে বন্ধুর বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) গুলিতে নিহত হন বাঙলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহাদত হোসেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই ঘটনায় জড়িত ডিবি কর্মকর্তার বিচারের দাবিতে তাঁরা গতকাল সকাল ১০টার দিকে ব্যানার নিয়ে কলেজের সামনে মানববন্ধন করতে যান। এতে শাহাদতের মা আনু বেগমও অংশ নেন। এ সময় দারুসসালাম থানার পুলিশ তাঁদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। এরপর তাঁরা কলেজের ভেতরে মানববন্ধন করতে গেলে সেখানেও পুলিশ বাধা দেয়।নিহত ছাত্রের মা আনু বেগম সাংবাদিকদের বলেন, ছেলে হত্যার বিচারে পুলিশ তাঁকে বাধা দিল। তিনি দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ডিবি পুলিশকে দিয়ে তাঁর ছেলেকে হত্যা করিয়েছে।জানতে চাইলে দারুসসালাম থানার ওসি খলিলুর রহমান মানববন্ধনে বাধা দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, শিক্ষার্থীরা বাঙলা কলেজের মাঠে মানববন্ধন করেছেন।