কলেজছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কলেজছাত্র এনামুল হকের (১৯) হত্যায় জড়িত লোকজনকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ জুলাই উপজেলার জলিলপুর গ্রামের কলেজছাত্র এনামুল হক স্থানীয় কাটাখালী বাজারের একটি ঘরে জুয়া খেলতে বাধা দেন। এতে দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আটজনকে আসামি করে তাঁর বাবা আবদুল মান্নান থানায় একটি হত্যা মামলা করলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয়, ‘জুয়া খেলতে বাধা দেওয়াই কাল হলো এনামুলের!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এনামুল হত্যায় জড়িত লোকজনকে গ্রেপ্তারের দাবিতে গতকাল মানববন্ধন চলাকালে বক্তব্য দেন এলাকার প্রবীণ ব্যক্তি আবুল কাশেম, উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইউম, এনামুল হকের বাবা আবদুল মান্নান, কলেজশিক্ষক মোশারফ হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
এনামুল হক এবার সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। দরজির দোকানে কাজ করে নিজের এবং তিন ভাইবোনের লেখাপড়া ও সংসারের খরচ চালাতেন তিনি।