কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি ছাত্রলীগ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিরাগত এক কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ চাওয়ায় গতকাল রোববার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে ঢাকা কলেজের ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম ইমরান হোসেন (২২)। তিনি ঢাকা কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ইমরান দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপপরিবেশবিষয়ক সম্পাদক এ বি সিদ্দিক ওরফে রাহাতের কক্ষে (৫২৮ নম্বর) থাকছিলেন। কক্ষে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন ইমরান।
অপহৃত কলেজছাত্রের নাম মোস্তাফিজুর রহমান। রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজের ওই শিক্ষার্থীর বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি আটক হওয়া ইমরান ছাড়াও ছাত্রলীগ কর্মী সুজন, রায়হান ও শাহাবের নাম উল্লেখ করেছেন।
মামলা, পুলিশ ও প্রক্টর সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে নেদারল্যান্ডস-ব্রাজিলের খেলা দেখার কথা বলে ইমরান তাঁর বন্ধুদের নিয়ে পূর্বপরিচিত মোস্তাফিজকে মুহসীন হলের ৫২৮ নম্বর কক্ষে ডেকে আনেন। পরে তাঁকে ৫০৮ নম্বর কক্ষে আটকে রেখে তাঁর বাবার কাছে মুঠোফোনে ৭০ হাজার টাকা দাবি করেন। পরে ওই শিক্ষার্থীর বাবা বিষয়টি পুলিশকে জানালে ভোরে হল তাঁকে উদ্ধার করা হয়।
এ সময় অভিযুক্ত ইরমানকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। আটক ইমরান সাংবাদিকদের বলেন, তিনি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। এ ঘটনার মূল হোতা সুজন। ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসানের উপস্থিতিতে মোস্তাফিজের বাবার কাছে টাকা দাবি করা হয়।
শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা কৃষ্ণকান্ত দাস প্রথম আলোকে বলেন, অপহরণ মামলায় আটক ইমরানকে আগামীকাল (আজ) আদালতে নেওয়া হবে। বাকি আসামিদের ধরার চেষ্টা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য যারা জড়িত, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।